বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ আসনে ধানের শীষের প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “এই ভোট বাংলাদেশের মানুষের জন্য বিশেষ। কারণ, গত ১৭ থেকে ১৮ বছর দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এই ভোটের পেছনে বহু মানুষের ত্যাগ রয়েছে। অনেক মানুষ জীবন দিয়েছেন, গুম হয়েছেন। অনেকে খুন হয়েছেন।”
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামের উত্তর কাট্টলী মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়া শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, “এই দীর্ঘ সময়ে অনেক মানুষ ব্যবসা হারিয়েছেন। চাকরি হারিয়েছেন। কেউ পুলিশ হেফাজতে মৃত্যুবরণ করেছেন। কেউ জেলখানায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। লাখ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আজ তাদের সবাইকে স্মরণ করছি।” তিনি তাদের সাবার প্রতি প্রতি শ্রদ্ধা জানান।
নিজের অনুভূতি প্রকাশ করে বিএনপির এই নেতা শ্রদ্ধা জানান বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষকে, যারা রাজপথে নেমে নিজেদের অধিকার আদায় করেছেন। তিনি শ্রদ্ধা জানান, বেগম খালেদা জিয়ার প্রতি, যিনি নিজের জীবন বিপন্ন করে গণতন্ত্রের জন্য আপসহীনভাবে লড়াই করেছেন।
তিনি বলেন, “তারেক রহমান নিজের জীবনের ঝুঁকি নিয়ে দেশত্যাগ করতে বাধ্য হয়েছেন। দীর্ঘদিন আন্দোলনের মাধ্যমে তিনি জাতিকে ঐক্যবদ্ধ রেখেছেন। এর ফলেই বাংলাদেশ আবার একটি গণতান্ত্রিক ব্যবস্থার দিকে ফিরে যাচ্ছে।”
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “এই প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের জনগণ তাদের রাজনৈতিক ও সাংবিধানিক অধিকার ফিরে পাবে। তারা নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে পারবে, সরকার নির্বাচিত হবে। সেই সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। এটাই গণতন্ত্রের মূল কথা।”
কোথাও পক্ষপাতমূলক কিছু দেখেননি জানিয়ে তিনি বলেন, “নির্বাচন সুষ্ঠুভাবেই চলছে। মানুষ অনুভব করছে যে গণতন্ত্র ফিরে আসছে। দেশের ক্রান্তিকালে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে। অতীতেও তারা বিএনপির নেতৃত্বের ওপর ভরসা করেছে। এবারও মানুষের মধ্যে সেই আস্থা স্পষ্ট। জনগণের প্রত্যাশা রয়েছে, বিএনপি সরকার গঠন করে দেশকে সামনে এগিয়ে নেবে। দলের চেয়ারম্যান তারেক রহমান যে পরিকল্পনার কথা বলেছেন, তা বাস্তবায়নের সুযোগ জনগণ দিতে চায়।”