সারা বাংলা

ফরিদপুরে ভোট কক্ষের ভেতরে টাকা বিতরণ, পোলিং এজেন্টকে জরিমানা

ফরিদপুর-৩ আসনে ভোটকেন্দ্রের কক্ষের ভেতরে ভোটারদের টাকা বিতরণ অভিযোগে বিএনপি প্রার্থীর এক পোলিং এজেন্টকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বিসমিল্লাহ শাহ দরগাহ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান জ্যেষ্ঠ সিভিল জজ মো. সালাউদ্দিন।

জরিমানা হওয়া ব্যক্তির নাম তানজির ইসলাম। তিনি এই আসনে বিএনপি প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ আহমেদের ধানের শীষ প্রতীকের পোলিং এজেন্ট। 

বিচারিক আদালত সুত্রে জানা যায়, কেন্দ্রটিতে প্রিসাইডিং কর্মকর্তা মাসুদুজ্জামানের অভিযোগ অনুযায়ী, ওই পোলিং এজেন্টকে আটক করা হয়। তার বিরুদ্ধে টাকা দিয়ে নির্ধারিত প্রতীকে ভোট দিতে ভোটারদের প্ররোচিত করার অভিযোগ পাওয়া যায়। নির্বাচনি আইন-২০২৫ এর ১৩ (চ) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় এবং দোষ স্বীকার করায় নির্বাচনি আইন ১৯৭২ এর ৯১(বি)(২) ধারা মোতাবেক ১০ হাজার টাকা অর্থদণ্ড অনদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

প্রিসাইডিং কর্মকর্তা মাসুদুজ্জামান বলেন, "ওই পোলিং এজেন্ট বিএনপির ধানের শীষের প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের মধ্যে টাকা দিচ্ছেন এমন অভিযোগ করেন জামায়াতের পোলিং এজেন্ট। পরে প্রশাসনকে জানানো হলে তারা এসে ব্যবস্থা নেয়।”