সারা বাংলা

‘এটাই হয়তো আমার শেষ ভোট’

লালমনিরহাট শহরের বড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নাতির কোলে চড়ে ভোট দিয়েছেন ৯০ বছর বয়সী রমেশ চন্দ্র এসেছেন ভোট দিতে। নিজের পায়ে চলার শক্তি নেই, তাই নাতির কোলে চড়ে বুথে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।

বৃহস্পতিবার ভোট দেওয়া শেষে কেন্দ্র থেকে বের হওয়ার সময় রমেশ চন্দ্রের চোখে-মুখে ছিল তৃপ্তির হাসি। 

উপস্থিত সাংবাদিকদের সামনে আবেগজড়িত কণ্ঠে তিনি বলেন, “বাবা, শরীর তো আর চলে না। পা দুটোর জোর কবেই ফুরিয়ে গেছে, কিন্তু নাগরিক দায়িত্ব তো পালন করতে হবে। তাই নাতিকে বললাম, আমাকে নিয়ে চল। আজ অনেক দিন পর এমন শান্ত পরিবেশে ভোট দিতে পেরে খুব ভালো লাগছে। কোনো ভয় নেই, বিশৃঙ্খলা নেই।  এটাই হয়তো আমার জীবনের শেষ ভোট। পছন্দের মানুষকে ভোটটা দিয়ে যেতে পেরে শান্তি পাচ্ছি।”

সকালে একই কেন্দ্রে ভোট প্রদান করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট-৩ (সদর) আসনের প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। তার প্রতিদ্বন্দ্বী হচ্ছেন জামায়াতের প্রার্থী আবু তাহের। 

জেলা নির্বাচন অফিস সূত্র জানিয়েছে, সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে এবার মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৪৪ হাজার ৪৯৬ জন। এর মধ্যে ৫ লাখ ৭৪ হাজার পুরুষ এবং ৫ লাখ ৭০ হাজারের বেশি নারী ভোটার রয়েছেন। তিনটি আসনে মোট ২১ জন প্রার্থী লড়াই করছেন। স্থানীয়দের মতে, মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টির প্রার্থীদের মধ্যে। তবে লালমনিরহাট-২ আসনে জনতা দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার শামীম কামালের প্রার্থিতা বিশেষ আলোচনার জন্ম দিয়েছে।