রাজশাহী-৫ আসনের বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনার ঘটেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে দুর্গাপুর উপজেলার নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।
এই ঘটনার জেরে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ভোটারদের মধ্যে সাময়িক উদ্বেগ দেখা দেয়। তবে বড় কোনো ঘটনা ঘটেনি এই কেন্দ্রে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম কেন্দ্রে এলে ধানের শীষ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম মণ্ডলের সমর্থকদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা হাতাহাতি রূপ নেয়। এতে ভোটকেন্দ্র এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ভোটারদের মধ্যে সাময়িক উদ্বেগ দেখা দেয়।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে কেন্দ্রে শান্ত পরিবেশ বিরাজ করছে।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় গুরুতর আহতের ঘটনা ঘটেনি। সাময়িক উত্তেজনা কাটিয়ে ভোটগ্রহণ স্বাভাবিকভাবেই অব্যাহত রয়েছে।
এ বিষয়ে জানতে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিমকে কয়েকবার কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি।