সারা বাংলা

নড়াইল-২: ধানের শীষের প্রার্থীর সমর্থককে কুপিয়ে জখম

নড়াইল-২ আসনের লোহাগড়া উপজেলার বয়রা গ্রামে ধানের শীষের প্রার্থীর সমর্থক কাজী আজিম (৩৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে তার ওপর হামলা হয়। আহত কাজী আজিম বয়রা গ্রামের ইসরাফিল কাজীর ছেলে।

এলাকাবাসী জানান, নড়াইল-২ আসনে ধানের শীষের প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদের সমর্থক কাজী আজিম ভোটারদের ধানের শীষের স্লিপ দিয়ে ভোট চাচ্ছিলেন। ভোট চাওয়াকে কেন্দ্র করে কলস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলামের সমর্থক নাহিদের সঙ্গে বাকবিতণ্ড হয় কাজী আজিমের। এরই এক পর্যায়ে কাজী আজিমকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে পায়ে কুপিয়ে আহত করেন নাহিদ। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনার পর থেকে নাহিদ পলাতক। 

ধানের শীষের প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদ অভিযোগ করে বলেন, “বিএনপির বিজয় সুনিশ্চিত জেনে স্বতন্ত্র প্রার্থীর লোকজন ভোটের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে।

এ বিষয়ে জানতে স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। 

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”