সারা বাংলা

রংপুরে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা 

রংপুরে ছয়টি সংসদীয় আসনের শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ শেষে এখন কেন্দ্রে ব্যালট গণনা চলছে।

বিকেল সাড়ে ৫টায় রংপুর-৩ আসনের আদর্শ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে পোলিং কর্মকর্তা ও প্রিজাইডিং কর্মকর্তারা গণনা কাজে ব্যস্ত রয়েছেন। কেন্দ্রটিতে মোট ভোটার ৪ হাজার ২৯৮ জন। ভোট পড়েছে ২ হাজার ৬৮৩টি। যা প্রায় ৬৩ শতাংশ।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মনসুর রহমান জানান, সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে এই কেন্দ্রে ৬৩ শতাংশ ভোট কাস্ট হয়েছে। গণভোট এবং সংসদ নির্বাচনের ব্যালটগুলো এখন গুছিয়ে গণনার কাজ চলছে।  

আদর্শ উচ্চ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র ছাড়াও রংপুর জেলার ছয়টি সংসদীয় আসনের ৮৭৩ কেন্দ্রের প্রত্যেকটিতে এখন গণনা চলছে। তবে এবার সংসদ নির্বাচনের সঙ্গে গণভোটের ব্যালট থাকায় গণনা কিছুটা বিলম্বিত হতে পারে বলে জানিয়েছেন কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তারা।  

রংপুরের কয়েকটি কেন্দ্র থেকে জানা যায়, ৫০ থেকে ৫৮ শতাংশ ভোট পড়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে পুরো জেলার হিসাব জানা যায়নি।

রংপুরে ছয়টি সংসদীয় আসনে সহিংসতার খবর পাওয়া যায়নি। 

রংপুরের ছয়টি সংসদীয় আসনে মোট ভোটার ২৫ লাখ ৯৯ হাজার ২০২ জন। এর মধ্যে নারী ভোটার ১৩ লাখ ৬ হাজার ৩৩৩ জন, পুরুষ ভোটার ১২ লাখ ৯২ হাজার ৮৩৮ জন এবং হিজড়া ভোটার ৩১ জন। এই ছয়টি আসনে ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিটি আসনে বিএনপি ও জাতীয় পার্টি রয়েছেন।