সারা বাংলা

ব্যালট ছিঁড়ে ফেলায় ইংল্যান্ড প্রবাসীর কারাদণ্ড

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় একটি ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি ও ব্যালট পেপার ছিঁড়ে ফেলার অপরাধে গোলাম রসুল নামে এক ইংল্যান্ড প্রবাসীকে পাঁচদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রহুল আমীনের ভ্রাম্যমাণ আদালত এই দণ্ড দিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, গোলাম রসুল ভোটকেন্দ্রে ঢুকে ভেতরের পরিবেশ নিয়ে আপত্তি তোলেন। একপর্যায়ে তিনি ভোট দেবেন না বলে একটি ব্যালট পেপার নিয়ে ছিঁড়ে ফেলেন। খবর পেয়ে দায়িত্বপ্রাপ্ত সেনাসদস্যরা এগিয়ে এলে তাদের সঙ্গেও ধস্তাধস্তি করেন তিনি। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি ও ব্যালট পেপার নষ্ট করার দায়ে তাকে পাঁচদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রায় কার্যকর করতে তাকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। ইংল্যান্ড প্রবাসী গোলাম রসুল ইনাতগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।