সারা বাংলা

হাসনাত আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভোট বর্জন

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থিত ও গণঅধিকার পরিষদের ট্রাক মার্কার প্রার্থী মো. আ. জসিম উদ্দিন। এ আসনে তার প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় ভোট বর্জনের ঘোষণা দেন জসিম উদ্দিন। ভোট কারচুপির অভিযোগ এনে ফেসবুক লাইভে এসে জসিম উদ্দিন বলেন, ‘‘কেন্দ্রগুলোতে ব্যালট ছিনতাই, নেতাকর্মীদের মারধর করা হয়েছে। আবার অনেককে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।’’

তিনি আরো বলেন, ‘‘আমার অনেক সমর্থকের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হয়েছে।’’ গণঅধিকার পরিষদের এ প্রার্থী আরো অভিযোগ করে বলেন, ‘‘টাকা দিয়ে ভোট কিনেছে। আজ আবার তারা নিজেরা নিজেরা ভোট কাটছে।’’ 

এর আগে সকাল সাড়ে ৭টা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

এ আসেন বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর ঋণখেলাপির দায়ে আদালতের নির্দেশে প্রার্থিতা বাতিল হয়। এরপর বিএনপি গণঅধিকার পরিষদের প্রার্থীকে সমর্থন দেয়।