সারা বাংলা

দুই টাকার পুলিশ বলায় যুবকের দণ্ড

কুষ্টিয়ার মিরপুরে পুলিশের সঙ্গে অসদাচরণের দায়ে মো. অনিক হোসেন (২৮) নামের এক যুবককে আটক করা হয়েছে। তাকে তিন মাসের সশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরো ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে পোড়াদহ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম।

দণ্ডপ্রাপ্ত অনিক হোসেন পোড়াদহ ইউনিয়নের কাটদহচর গ্রামের আজগর রহমানের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অনিক হোসেন ভোট দেওয়ার পর কেন্দ্রের মধ্যে দাঁড়িয়ে থাকলে এক পুলিশ সদস্য তাকে সরে যেতে বলেন। এ সময় ওই যুবক পুলিশ সদস্যকে দুই টাকার পুলিশ সম্বোধন করেন। 

পোড়াদহ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আব্দুল মান্নান চৌধুরী বলেছেন, “ভোট কেন্দ্রের মধ্যে পুলিশের সাথে অসদাচরণের দায়ে অনিক হোসেন নামে এক যুবককে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে তিন মাসের সশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরো ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়।”