ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর তিনটি সংসদীয় আসনের মধ্যে সব কয়টিতেই জয়লাভ করেছে বিএনপি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ভোট গণনা শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা মনিরা হক বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ফেনীর তিনটি আসনের মধ্যে ফেনী-১ আসনে ৫৬.৪১ শতাংশ, ফেনী-২ আসনে ৫১.৮৭ শতাংশ ও ফেনী-৩ আসনে ৫৪.৪৭ শতাংশ ভোটগ্রহণ হয়েছে।
ফেনী-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রফিকুল আলম মজনু ১ লাখ ১৯ হাজার ৯০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের অ্যাডভোকেট এসএম কামাল উদ্দিন ৮৫ হাজার ৬১৫ ভোট পেয়েছেন।
ফেনী-২ আসনে মোট ভোটার ছিল ৪ লাখ ৩৭ হাজার ৭৮ জন। ঘোষিত ফলাফলে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদিন ১ লাখ ৩১ হাজার ২১০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট থেকে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ঈগল প্রতীকে ৮০ হাজার ৫৮ ভোট পেয়েছেন।
ফেনী-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবদুল আউয়াল মিন্টু ১ লাখ ৫৭ হাজার ৪২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ ফখরুদ্দিন মানিক পেয়েছেন ১ লাখ ৮ হাজার ১৬০ ভোট।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর তিনটি আসনে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে। ফেনী-১ আসনে ৭ জন, ফেনী-২ আসনে ১১ জন এবং ফেনী-৩ আসনে ৮ জন প্রার্থী ছিলেন। নির্বাচনে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন প্রবাসী ও দেশে ভোটগ্রহণের কাজে নিয়োজিত কর্মকর্তারা।
নির্বাচনে হ্যাঁ-না ভোট দিয়ে মতামত জানিয়েছেন ভোটাররা। ফেনী-১ আসনে হ্যাঁ ভোট ১ লাখ ৩৯ হাজার ৫৪৯, না ভোট ৬০ হাজার ৫৮। ফেনী-২ আসনে ১ লাখ ৩৮ হাজার ৭৩২টি হ্যাঁ ভোট ও ৭২ হাজার ৫৩৩ না ভোট। ফেনী-৩ আসনে হ্যাঁ ভোট ১ লাখ ৬১ হাজার ৩২১ এবং না ভোট পড়েছে ১ লাখ ১৪টি।
ফেনীর তিনটি আসনে মোট ভোটারের সংখ্যা ছিল ১৩ লাখ ৩০ হাজার ৯২৪ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৬ লাখ ৮৭ হাজার ৮৬৭ জন, নারী ভোটার ৬ লাখ ৪৩ হাজার ৪৯ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ছিল ৮ জন।