ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে ফলাফল ঘোষণার পর বিরল সৌহার্দ্যের নজির গড়লেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম। পরাজয়ের পর তিনি সরাসরি গিয়ে বিজয়ী প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরকে অভিনন্দন জানান।
বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী মো. সায়েমুজ্জামান ফলাফল ঘোষণা করেন। এ সময় ফলাফল ঘোষণার মঞ্চে বিজয়ী প্রার্থী নওশাদ জমিরের পাশেই বসেন সারজিস আলম।
পরে সংক্ষিপ্ত বক্তব্যে সারজিস আলম বলেন, আমরা একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছি। আজকে উনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাতে এসেছি। আমি মনে করি আমাদের ওইটুকু রেসপেক্ট এবং সৎসাহস থাকা উচিত- জনগণ যদি প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে এক ভোটেও এগিয়ে রাখে, তাকে ওইটুকু রেসপেক্ট আমাদেরও শো করা উচিত। সেই জায়গা থেকে আমি নিজেই এসেছি তাকে অভিনন্দন জানাতে এবং তার খুশির মুহূর্তে পাশে থাকতে।
তিনি বলেন, আগামী ৫ বছর আমরা সকল ভালো কাজে তাকে সহযোগিতা করব এবং আমরা এটুকুও প্রত্যাশা করি- যেকোনো যৌক্তিক বিষয়ে সর্বক্ষেত্রে সেই সহযোগিতাটাও পাবো। দিনশেষে একসাথে মিলেই পঞ্চগড়টা গড়তে হবে।
এদিকে, ব্যারিস্টার নওশাদ জমিরও সারজিসকে ধন্যবাদ জানান। তিনি বক্তব্যে বলেন, গণতন্ত্র ধরে রাখার যে চেষ্টা সেটা শুরুতেই আমরা ভালোভাবে করতে পারলাম। প্রথম দিন আমরা দুজনই বলেছিলাম, আমাদের এই জেলার জন্য একসঙ্গে কাজ করতে চাই। আমাদের এই চেষ্টাটা অব্যাহত থাকবে। দলমত নির্বিশেষে আমাদের মতপার্থক্য থাকতে পারে, কিন্তু মতপার্থক্যের ব্যাপারেও আমরা একমত হবো।
উল্লেখ্য, ৮ হাজার ১২০ ভোটের ব্যবধানে পরাজিত হন সারজিস আলম। ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা ব্যারিস্টার নওশাদ জমির পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ১৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে সারজিস শাপলা কলি প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৪৯ ভোট।