নারায়ণগঞ্জের ফতুল্লায় বন্ধ রাখা একটি সেলুনে গ্যাস বিস্ফোরণে তিনজন অগ্নিদগ্ধ হয়েছেন। চিকিৎসার জন্য তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়েছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফতুল্লার ঢাকা টেক্সটাইল মিল-সংলগ্ন সস্তাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে সেলুনের মালিক মিন্টু, একটি শিশু এবং একজন পথচারী দগ্ধ হন। তাৎক্ষণিকভাবে ওই পথচারীর নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানিয়েছেন, নরসুন্দর মিন্টুর সেলুনটি কিছুদিন ধরে বন্ধ ছিল। তিতাস গ্যাসের লাইন থেকে গ্যাস লিক হয়ে সেলুনের ভেতরে জমা হয়েছিল। বৈদ্যুতিক লাইট ও ফ্যান অন করার সময় বিদ্যুতের স্পার্কের সঙ্গে গ্যাসের সংযোগে হঠাৎ বিস্ফোরণ ঘটে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানিয়েছেন, বৈদ্যুতিক লাইট ও ফ্যানের সুইচ অন করার সময় দোকানের ভেতরে জমে থাকা গ্যাসের সঙ্গে বৈদ্যুতিক স্পার্কের সংযোগে আগুন লাগে। মিন্টু বেশি দগ্ধ হয়েছেন। পথচারী কম দগ্ধ হয়েছেন।