সারা বাংলা

কুড়িগ্রাম-২: ভোট কারচুপির অভিযোগ বিএনপি প্রার্থীর

কুড়িগ্রাম-২ আসনে ভোট কারচুপির অভিযোগ এনে পুনর্গণনার দাবি জানিয়েছেন এ আসনের বিএনপি প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টায় শহরের হাসপাতাল পাড়ার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে তিনি এই দাবির কথা জানান।

বিএনপি প্রার্থী অভিযোগ করে বলেন, “অনেক কেন্দ্রে পোলিং এজেন্টের স্বাক্ষর ছাড়াই রেজাল্ট সিট জমা দেওয়া হয়েছে। ভোটকেন্দ্রে ফলাফল না দিয়ে ব্যালট বাক্স নিয়ে আসার সময় স্থানীয়দের প্রতিরোধের মুখে সড়কেই ভোট গণনা করা হয়। ধানের শীষের ব্যালটের ওপর শাপলা কলির ব্যালট মুড়িয়ে গণনায় যুক্ত করা হয়।”

সংবাদ সম্মেলনে ভোট কারচুপির কিছু প্রমাণ প্রদর্শন করেন বিএনপি প্রার্থী। এ সময় জেলা রিটার্নিং কর্মকর্তার কাছ ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিবসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কুড়িগ্রাম-২ আসনে ১১–দলীয় ঐক্যর এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ ১ লাখ ৮০ হাজার ৫২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৪০৫ ভোট।