সারা বাংলা

এই জয় আমার নয়, এই জয় জনগণের: ওয়াদুদ ভূঁইয়া

খাগড়াছড়ি সংসদীয় আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া বিজয়ের পর দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের উদ্দেশ্যে সংযম ও সম্প্রীতির বার্তা দিয়েছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে কলাবাগানস্থ ‘বৈঠক’ প্রাঙ্গণে তিনি বলেন, “নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রম ও জনগণের ভালোবাসায় নির্বাচিত হয়েছি। এই জয় আমার একার নয়, এই জয় সবার।”

বিজয়ের আনন্দঘন মুহূর্তে তিনি সবাইকে শান্ত ও ভদ্র আচরণ বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, বিজয় ধরে রাখতে হলে সবার সঙ্গে নমনীয় আচরণ করতে হবে। কোনো ধরনের বিবাদ, ঝগড়া বা সংঘাতে জড়ানো যাবে না।

তিনি স্পষ্ট করে দেন, “মানুষই আমাদের শক্তি। কোনো দলের নেতাকর্মীদের সঙ্গেও বিবাদে জড়ানো যাবে না।”

ওয়াদুদ ভূইয়া আরো জানান, তিনি বিজয় মিছিল করবেন না। বরং সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেই দায়িত্বশীল রাজনৈতিক আচরণের দৃষ্টান্ত স্থাপন করতে চান। 

এদিকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর দলীয় নেতাকর্মী, সমর্থক, ভোটার এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। দিনভর তার বাসভবন ও স্থানীয় কার্যালয়ে শুভেচ্ছা জানাতে মানুষের ঢল নামে।