সারা বাংলা

মাছির ওড়াউড়ি দেখে মিলল যুবকের লাশ

গাজীপুর মহানগরীর হাজির পুকুর এলাকায় অতিরিক্ত মাছির ওড়াউড়ি দেখে কাছে গিয়ে এক যুবকের লাশের সন্ধান পেয়েছেন এলাকাবাসী। পরে শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ ওই মরদেহ উদ্ধার করে। নিহতের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৪০ বছর।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গাছা থানাধীন হাজির পুকুর এলাকায় অসমাপ্ত ফুটওভারব্রিজের লিফটের ফাঁকা স্থানে অতিরিক্ত মাছির ওড়াউড়ি দেখতে পান স্থানীয়রা। কাছে গেলে দুর্গন্ধ নাকে আসে৷ পরে সেখানে এক যুবকের লাশ দেখা যায়৷ তার পরনে কালো প্যান্ট ও সোয়েটার ছিল। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়৷ 

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানিয়েছেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়েছে। সেটি ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় জানা যায়নি।