সারা বাংলা

বাগেরহাটে জামায়াত–বিএনপি সংঘর্ষে আহত ১৫ 

বাগেরহাট সদর উপজেলার আড়পাড়া এলাকায় জামায়াতে ইসলামী এবং বিএনপির সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছে। এ ঘটনায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে সংঘর্ষের সূত্রপাত হয়। 

স্থানীয়রা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দুই পক্ষের মধ্যে রাজনৈতিক বিরোধের জের ধরে উত্তেজনা ছিল। দুই ব্যক্তির মধ্যে তর্কাতর্কি এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। কিছু সময় ধরে থেমে থেমে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। 

আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. উত্তম কুমার পাল জানান, এখন পর্যন্ত ১৫ জন আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান বলেন, সংঘর্ষের ঘটনায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে জামায়াত ও বিএনপির দুই গ্রুপের ছয়জনকে আটক করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।