সারা বাংলা

চাঁদপুরে চুরির অপবাদে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা 

চাঁদপুরের কচুয়া উপজেলায় মো. শাকিল নামে মাছ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে পুলিশ মুমূর্ষু অবস্থায় শাকিলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহতের স্ত্রী রোজিনা বেগম বাদী হয়ে ১০ জনকে আসামি করে মামলা করেছেন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন বলেন, উপজেলার ৪ নং পালাখাল মডেল ইউনিয়নের দোয়াটি বড় ব্রিজ সংলগ্ন বিকাশ সাহার পোলট্রি খামারের পাশে শাকিলকে পিটিয়ে হাত-পা ভেঙে আশঙ্কাজনক অবস্থায় ফেলে রাখে। পুলিশ তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

মামলা দায়েরের পর বিকাশ সাহা ও সোহরাব হোসেন নামে দুই জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

স্ত্রী রোজিনা ও পরিবারের সদস্যরা জানান, রাতে সাকিল নিজের মাছের প্রজেক্ট দেখতে যায়। ফেরার পথে স্থানীয় বাসিন্দা বিকাশ সাহা ও তার কর্মচারী সোহরাব হোসেনসহ কয়েকজন মিলে চুরির অপবাদ দিয়ে তাকে পিটিয়ে হত্যা করে।