সারা বাংলা

হাতিয়ায় বিএনপি সমর্থকের মার্কেটে আগুন দেওয়ার অভিযোগ

নোয়াখালীর হাতিয়ায় বিএনপির এক সমর্থকের মার্কেটে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এতে মার্কেটটিতে থাকা তার সাতটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। পাশাপাশি পাশের গ্যারেজে থাকা একটি মাইক্রোবাস এবং দুটি সিএনজিচালিত অটোরিকশা পুড়ে গেছে।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) ভোরের দিকে উপজেলার মুলা মার্কেট এলাকায় ঘটনা ঘটে। 

দোকানগুলোর মালিক চরঈশ্বর ইউনিয়ন বিএনপির সমর্থক ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কালাম সর্দার।

আগুন লাখার খবরে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ধানের শীষের পরাজিত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি এ ঘটনার জন্য প্রতিপক্ষকে দায়ী করেছেন। 

স্থানীয়রা জানান, ভোরে কালাম সর্দারের মার্কেটে আগুন দেখে এগিয়ে যান স্থানীয় লোকজন। পরে ফায়ার সার্ভিস এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনে। এর আগে, পুড়ে যায় সাতটি দোকানে থাকা সব মালামাল  এবং পাশের গ্যারেজে থাকা দুটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি মাইক্রোবাস।

দোকানের মালিক কালাম সর্দার জানান, তিনি ধানের শীষের সমর্থক। গত কয়েকদিন প্রতিপক্ষের লোকজন তাকে দেখে নেবে বলে হুমকি দিচ্ছিল। দোকানে আগুন দেবে বলেও হুমকি দেয়। গভীর রাতে মোবাইলে লোকজন দোকানে আগুন দেওয়া হয়েছে বলে জানান। এসে দেখি, সব পুড়ে ছাই হয়ে গেছে।

বিএনপির পরাজিত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, “ধানের শীষের পক্ষে নির্বাচন করার কারণে প্রতিপক্ষের লোকজন এই কাজটি করেছে।” তিনি এই ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানান।

এ বিষয়ে জানতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, ঘটনার শিকার ব্যক্তি থানায় এসেছেন। মামলা দেওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।