সারা বাংলা

রোজা শুরুর আগেই সিলেটের বাজারে আগুন

পবিত্র রমজান মাস শুরু হতে এখনো কিছুদিন বাকি। তবে, তার আগেই সিলেটে নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে সিলেট নগরীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সপ্তাহের ব্যবধানে কয়েকটি পণ্যের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। প্রতি হালি লেবুর দাম ৪০ থেকে ৫০ টাকা বেড়ে এখন ১০০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। রমজানে ইফতারে চাহিদা বাড়ার আশঙ্কায় আগাম দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা।

শসার দাম কেজিতে ১০ টাকা বেড়ে এখন খুচরা বাজারে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। গাজরসহ সালাদজাতীয় অন্যান্য সবজির দামও বেড়েছে। তবে, ফুলকপি, বাঁধাকপি, মুলা ও শিমের দাম তুলনামূলক স্থিতিশীল রয়েছে।

নগরীর আম্বরখানা বাজারে কথা হয় ক্রেতা আবদুল কাইয়ুমের সঙ্গে। তিনি বলেন, “রমজান এলেই বাজারে যেন অদৃশ্য চাপ পড়ে। এখনো রমজান মাস শুরু হয়নি, তার আগেই লেবু-শসার দাম বেড়ে গেছে। মধ্যবিত্তের জন্য এটা বাড়তি চাপ।”

একই বাজারের সবজি বিক্রেতা মো. জালাল জানান, রমজানে লেবু ও সালাদজাতীয় পণ্যের চাহিদা বাড়ে। পাইকারি বাজারেই দাম বেশি, তাই খুচরায়ও বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে।

সবজির পাশাপাশি মসলা ও নিত্যপণ্যেও ঊর্ধ্বগতি দেখা গেছে। পেঁয়াজ কেজিতে ৫ থেকে ৭ টাকা বেড়ে এখন ৫০ থেকে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। রসুনের দাম বেড়ে দাঁড়িয়েছে কেজি প্রতি ১৭০ টাকা।

ভোজ্যতেলের বাজারেও অস্থিরতা রয়েছে। বাজারে সয়াবিন তেলের সরবরাহ কমে গেছে বলে জানিয়েছেন বিক্রেতারা। আগে প্রতি লিটার ১৯০ থেকে ১৯৫ টাকায় বিক্রি হলেও এখন তা ২০০-২০৫ টাকায় বিক্রি হচ্ছে।

খাদ্যপণ্য বিক্রেতা রফিকুল ইসলাম বলেছেন, “কোম্পানি থেকে সরবরাহ কম আসছে। চাহিদা বাড়ার আগেই বাজারে চাপ তৈরি হয়েছে। যদি নজরদারি না বাড়ে, সামনে দাম আরো বাড়তে পারে।”