নির্বাচন পরবর্তী ভাঙচুরের ঘটনায় নাটোরের বড়াইগ্রাম উপজেলার ধানাইদহ গ্রামে ক্ষতিগ্রস্ত ১১টি বাড়ি মেরামতের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাওলানা আব্দুল হাকিম।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) দলের আমির ডা. শফিকুর রহমানের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করে এ ঘোষণা দেন তিনি।
নির্বাচন পরবর্তী সহিংসতাকে কেন্দ্র করে ধানাইদহ গ্রামের অন্তত ১১টি বাড়িতে হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম দুর্ভোগে পড়ে।
পরিদর্শনকালে আব্দুল হাকিম ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন। এ সময় তিনি ঘোষণা দেন, ভাঙচুরে ক্ষতিগ্রস্ত সবগুলো ঘর মেরামতের দায়িত্ব দল গ্রহণ করবে।
তিনি বলেন, “ভোট দেওয়া প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। সেই অধিকার প্রয়োগের কারণে কাউকে নিপীড়নের শিকার হতে হলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” এ সময় উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবু বকর সিদ্দিক, স্থানীয় নেতা মোজাম্মেলসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছিল। তবে নেতাকর্মীদের উপস্থিতি ও ক্ষতিগ্রস্তদের ঘর মেরামতের ঘোষণায় তারা কিছুটা আশ্বস্ত হয়েছেন।
উল্লেখ্য যে, বড়াইগ্রাম নাটোর-৪ সংসদীয় আসনের অধীনে। সম্প্রতি এই আসন থেকে দাঁড়িপাল্লা প্রতীকে জাতীয় নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন মাওলানা আব্দুল হাকিম। জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী আব্দুল আজিজ।