কিশোরগঞ্জের হোসেনপুরে আসামি নিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নজরুল ইসলাম (৫০) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় তিন পুলিশ সদস্যসহ আহত হয়েছেন পাঁচজন।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দিবাগত রাতে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের পদোরগাতি এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে আসামি ধরতে যায় হোসেনপুর থানা পুলিশ। আসামিকে গ্রেপ্তার করে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস অটোরিকশাকে চাপা দেয়। এতে কনস্টেবল নজরুল ইসলামসহ ছয়জন আহত হন। এর মধ্য, আশঙ্কাজনক অবস্থায় নজরুল ইসলামকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে তিনি মারা যান।
হোসেনপুর থানার ওসি মো. রাশেদুল ইসলাম বলেন, “আসামি নিয়ে ফেরার পথে বাসচাপায় কনস্টেবল নজরুল গুরুতর আহত হন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় অটোরিকশার চালক, গ্রেপ্তার আসামি এবং আরো তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।”