সিরাজগঞ্জের রায়গঞ্জে ভোটকেন্দ্রে গিয়ে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন আম্বিয়া খাতুন নামে এক গৃহবধূ। শিশুটির নাম রাখা হয়েছে ‘খালেদা জিয়া’।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসক আমিনুল ইসলাম শিশুটিকে দেখতে আম্বিয়ার বাড়িতে যান। এ সময় শিশু ও তার পরিবারের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি। পরে জেলা প্রশাসনের পক্ষ শিশুটিকে জন্মসনদ, নগদ অর্থ, পরনের কাপড়, ফলমূল ও মিষ্টি প্রদান করা হয়।
স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বেংনাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শরিফুল ইসলাম আকন্দের স্ত্রী আম্বিয়া খাতুন ভোট দিতে যান। লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তার প্রসব ব্যথা উঠে। পাশের বাড়িতে নেওয়ার পর এক কন্যা সন্তানের জন্ম দেন আম্বিয়া। পরিবারের সদস্যরা নবজাতকের নাম রাখেন খালেদা জিয়া। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে অনেকেই নবজাতক ও তার পরিবারকে শুভকামনা জানান। ভোটের দিনে এমন ব্যতিক্রমী ঘটনার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনার জন্ম দেয়।
নবজাতকের বাবা শরিফুল ইসলাম বলেন, “ভোটের মতো গুরুত্বপূর্ণ দিনে সন্তানের জন্ম হওয়াকে স্মরণীয় করে রাখতে নাম রেখেছি খালেদা জিয়া। রবিবার জেলা প্রশাসক মেয়েকে দেখতে এসেছেন।”
জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, “একটি নতুন প্রাণের আগমন সবসময়ই আনন্দের। এই শিশুই আগামীর স্বপ্ন। আমরা তার সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ কামনা করি। মা ও শিশুর প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।”
তিনি আরো বলেন, “যেহেতু নির্বাচনের দিনে নবজাতকের জন্ম হয়েছে। সেই জন্য পরিবারের নামের সঙ্গে আমি নাম রেখেছি ‘ত্রয়ো’। নবজাতকের জন্য শুভকামনা রইল।”