যশোরের অভয়নগরে অন্তর বিশ্বাস (৩০) নামে এক যুবক নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার ধোপাদী গ্রামে নতুনবাজার হাড়িভাঙা এলাকায় ঘটনাটি ঘটে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের ধারণা, প্রেমিকার সঙ্গে বিয়ের প্রস্তাব ভেঙে যাওয়ায় ঘটনাটি ঘটাতে পারেন অন্তর।
অন্তর বিশ্বাস কুষ্টিয়া সদর উপজেলার যুগিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলী আকবর সড়ক সংলগ্ন সাগর বিশ্বাসের ছেলে। তিনি ট্রাকের হেলপার। দুই মাস ধরে অভয়নগর উপজেলার আমডাঙ্গা গ্রামের একটি ভাড়া বাড়িতে বসবাস করছেন অন্তর।
ট্রাক চালক সোহাগ হোসেন জানান, দীর্ঘদিন ধরে তার ট্রাকে হেলপার হিসেবে কাজ করছেন অন্তর। দুই মাস হয়েছে, তিনি অভয়নগরের আমডাঙ্গা গ্রামে একটি ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন। সম্প্রতি একটি মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শনিবার রাতে বিয়ের প্রস্তাব দিলে সেই মেয়ের পরিবার তা প্রত্যাখ্যান করে।
তিনি বলেন, ‘শুনেছি, প্রেমিকাকে না পাওয়ার কারণে অন্তর নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। এলাকাবাসীর সহযোগিতায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।"
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, শনিবার রাত ১১টার দিকে হাড়িভাঙা এলাকায় হাবিবুর রহমানের বাড়ির সামনের রাস্তা থেকে অন্তর নামে এক যুবককে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মরিয়ম মুনমুন বলেন, “মধ্যরাতে কয়েকজন ব্যক্তি দগ্ধ এক যুবককে হাসপাতালে নিয়ে আসেন। আগুনে তার শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে গেছে। রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতে তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, “ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছিল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”