সারা বাংলা

বিদ্রোহী প্রার্থী না হওয়ায় মন্ত্রী হলেন ইয়াছিন

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোহাম্মদ আমিন উর রশীদ ইয়াছিন। তিনি দীর্ঘ দিন কুমিল্লা জেলা বিএনপির সাধারণ সম্পাদক দায়িত্বও পালন করেছেন।  

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলের কাছে মনোনয়ন চেয়েছিলেন কিন্তু পাননি। পরে কুমিল্লা-৬ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়াই জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেন। মনোনয়ন ফরম যাচাই-বাছাইয়েও ঠিকে যান তিনি।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ডেকে আমিন উর রশীদ ইয়াছিনের সঙ্গে কথা বলেন। তাকে নির্দেশ দেন স্বতন্ত্র প্রার্থী না হওয়ার জন্য। দলের চেয়ারম্যানের নিদের্শের প্রতি সম্মান দেখিয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তিনি নির্বাচনে থেকে নিজেকে সরিয়ে নেন। দলের চেয়ারম্যানের সেই নির্দেশের প্রতি সম্মান দেখানোর পুরস্কারও পেয়েছেন তিনি। তাকে টেকনোক্র্যাট কোটায় পূর্ণ মন্ত্রী করা হয়েছে।

১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি এককভাবে ২০৯ আসনে জয়ী হয়ে আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সরকার গঠন করেছে। সেখানে ৫০ জন মন্ত্রী-প্রতিমন্ত্রীর মধ্যে আমিন উর রশীদ ইয়াছিন রয়েছেন।

বিএনপির চেয়ারম্যানের নির্দেশে আমিন উর রশীদ ইয়াছিন শুধু মনোনয়নপত্র প্রত্যাহার করেননি, সংসদ নির্বাচনে কুমিল্লা দক্ষিণের সমন্বয়কের দায়িত্ব পালন করেন। কুমিল্লার ছয়টি আসনে দলের কোন্দল নিরসন এবং নির্বাচনি প্রচারে সক্রিয় ভূমিকা রাখেন। 

আমিন উর রশীদ ইয়াছিনকে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে বলেও জানা গেছে।

কুমিল্লা থেকে শুধু আমিন উর রশীদ ইয়াছিন নয়, কুমিল্লা-৮ (বরুড়া) আসনে নির্বাচিত সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন এবং কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে মন্ত্রী করা হয়েছে। তার শপথ নিয়েছেন।  জাকারিয়া তাহের সুমন দুইবার এবং শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। 

কুমিল্লা জেলা থেকে তিন মন্ত্রী পাওয়ায় সাধারণ মানুষ খুশি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নতুন মন্ত্রীদের অভিবাদন ও শুভেচ্ছা জানিয়ে পোস্ট দিচ্ছেন তারা।