সারা বাংলা

শিল্পপতি থেকে মন্ত্রিসভায় আবদুল আউয়াল মিন্টু

বিএনপি সরকারে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ফেনী-৩ আসনের সংসদ সদস্য আবদুল আউয়াল মিন্টু। এর মধ্য দিয়ে দীর্ঘ প্রায় দুই দশক পর ফেনীতে ফিরল মন্ত্রিত্বের গৌরব। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তিনি শপথগ্রহণ করেন। 

ফেনী-১ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনবার প্রধানমন্ত্রী ছিলেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার আগে একই আসন থেকে সংসদ সদস্য হয়ে ত্রাণ ও পুনর্বাসন প্রতিমন্ত্রী এবং বন ও পরিবেশ মন্ত্রণালয়ে মন্ত্রীর দায়িত্ব পালন করেন বীর মুক্তিযোদ্ধা জাফর ইমাম বীর বিক্রম।  

এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের অংশ নিয়ে সংসদ সদস্য হয়ে শিল্পপতি ও বিএনপি ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন। মাঝে দীর্ঘদিন মন্ত্রীশূন্য থাকা এ জেলায় তার মন্ত্রিত্ব জনপদে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরির সঙ্গে উন্নয়ন কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী, আবদুর আউয়াল মিন্টুর জন্ম ১৯৪৯ সালের ২২ ফেব্রুয়ারি। তার পিতার নাম শফিউল্ল্যাহ। স্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ করা হয়েছে ফেনীর দাগনভূঞা উপজেলার আলাইয়াপুর ফরাজী বাড়ি। বর্তমানে তিনি রাজধানীর গুলশানে বসবাস করছেন। তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর।

আবদুল আউয়াল মিন্টু দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) দুইবারের সভাপতি ছিলেন। এছাড়াও দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। একজন শিল্পোউদ্যোক্তা হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বেশ কয়েকটি পুরস্কারে ভূষিত হন তিনি।

এবার নির্বাচনে ফেনী-৩ আসন থেকে ধানের শীষ প্রতীকে মিন্টু ১ লাখ ৫৭ হাজার ৪২৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ ফখরুদ্দিন মানিক দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৮ হাজার ১৬০ ভোট পান।