সারা বাংলা

টেকনাফে ৯৫ হাজার ইয়াবা উদ্ধার 

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় ৪ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের ৯৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানিয়েছেন। 

কোস্ট গার্ডের এ কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ৬টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল টেকনাফ থানাধীন দক্ষিণ জালিয়াপাড়া সংলগ্ন প্যারাবন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন স্থানে তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ৯৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

মাদক পাচার রোধে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কোস্ট গার্ডের এ কর্মকর্তা।