সারা বাংলা

মেঘনার ডুবোচর ঘের দিয়ে মাছ নিধন, আটক ৩

বরিশালের হিজলা উপজেলার লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীর একটি ডুবোচর ঘিরে অবৈধভাবে ঘের জাল স্থাপন করে মাছ নিধন করে আসছিলেন কতিপয় অসাধু জেলে। এর ফলে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবাধে নিধন হয়ে যাচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে মৎস্য অধিদপ্তর ও নৌ-পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ঘেরজাল, প্রায় দুই হাজার খুঁটি, দুটি ট্রলারসহ তিনজন জেলেকে আটক করেছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বরিশাল মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক সমীর কুমার বসাকের নেতৃত্বে মৎস্য অধিদপ্তর ও হিজলা নৌ-পুলিশের সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম জানিয়েছেন, আটককৃত তিন জেলের বিরুদ্ধে হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক হেলাল উদ্দিন বাদী হয়ে নিয়মিত মামলা দায়ের করেছেন।

পাশাপাশি জব্দকৃত অবৈধ জাল ও খুঁটি পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এছাড়া জব্দকরা ট্রলার নিলামে বিক্রি করা হবে। 

মৎস্য সম্পদ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।