মানিকগঞ্জের ঘিওর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে আশিক হোসেন (২০) নামে এক যুবক মারা গেছেন। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলা সদরে পঞ্চরাস্তা এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
নিহত আশিক টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের বাড়িগ্রাম এলাকার মওলা মিয়ার ছেলে। আহত মো. আলামিনকে (৩০) ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ এবং স্থানীয় সূত্র জানায়, আজ সকালে নাগরপুরের বাড়িগ্রাম এলাকার বাড়ি থেকে মোটরসাইকেলে করে আশিক ও আলামিন পাটুরিয়া ফেরিঘাট এলাকায় যাচ্ছিলেন। ঘিওরের পঞ্চরাস্তা এলাকায় বেপরোয়া গতির মোটরসাইকলেটি সড়ক বিভাজকের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই আশিকের মৃত্যু হয়। স্থানীয় লোকজন আহত আলামিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘিওর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”