নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও সরবরাহ স্বাভাবিক রাখতে বাগেরহাটে বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জেলার ফকিরহাট বাজারে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে সজল স্টোর, ফাইম স্টোর এবং রফিকুল ফল ভাণ্ডার অ্যান্ড কনফেকশনারীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ও ৪৩ ধারায় প্রশাসনিক ব্যবস্থা হিসেবে এ জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক শরিফা সুলতানা জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়মে জড়িত না হওয়ার অঙ্গীকার করেন তারা।
এ সময় বাজারের অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টাঙানো, ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, ক্রয় ভাউচার সংরক্ষণ, নকল ও ভেজাল পণ্য বিক্রি থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদ না করার নির্দেশনা দেওয়া হয়।
অভিযান চলাকালে জনসচেতনতা বৃদ্ধিতে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান বাগেরহাটের সহকারী পরিচালক শরিফা সুলতানা।