পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় দুই শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে এক টাকায় ইফতার বিতরণ করেছে আমরা কলাপাড়াবাসী নামে স্বেচ্ছাসেবী সংগঠন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টায় পৌর শহরের মনোহরীরপট্টি এলাকায় এ সব ইফতার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আমরা কলাপাড়াবাসীর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংগঠনটির সদস্যরা।
ইফতার হিসেবে প্রত্যেককে ছোলা বুট, মুড়ি, খেজুর, জিলাপি, বেগুন ও আলুর চপ দেওয়া হয়। পুরো রমজান মাসজুড়ে ইফতার বিতরণ কার্যক্রম চলবে জানিয়েছে সংগঠনটির সদস্যরা।
মানুষ মাত্র এক টাকায় ইফতার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে। এ ব্যতিক্রমী উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
কলাপাড়া পৌর শহরের রিকশাচালক সোবহান মিয়া বলেন, ‘‘যাত্রী নিয়ে এ সড়ক দিয়ে সবুজবাগের দিকে যাচ্ছিলাম। কিছু ছাত্র ভাইরা গাড়ি থামিয়ে আমাকে ইফতারের প্যাকেট দিয়েছে এবং এক টাকা নিয়েছে। তারা এই প্যাকেটের মধ্যে যা যা দিয়েছে, তা আসলে আমি কিনে খেতে পারতাম না।’’ তিনি এ কার্যক্রম সাধুবাদ জানান।
এতিমখানা এলাকার শ্রমিক সোহেল হোসেন বলেন, ‘‘সারা দিনের কাজ শেষে আমি ইফতারি করার জন্য মসজিদের দিকে রওনা দিয়েছিলাম। এ সময় কিছু ছাত্র ভাইরা আমাকে এক টাকার বিনিময়ে ইফতারির প্যাকেট দিয়েছে। এ প্যাকেটের মধ্যে দেখলাম অনেক খাবার রয়েছে। ইফতারি পেয়ে ভালো লাগছে।’’
তিনি আরো বলেন, ‘‘যদি সমাজের বিত্তবানরা সবাই এগিয়ে আসে তাহলে আমাদের মতো গরিবদের আর দুঃখ থাকবে না।’’
আমরা কলাপাড়াবাসীর সভাপতি নাজমুস সাকিব বলেন, ‘‘প্রতিবছরের ন্যায় এ বছরও আমরা এক টাকায় ইফতার বিতরণ কার্যক্রম শুরু করেছি। প্রতিবছরই আমরা সদস্যরা নিজেরা চাঁদা তুলে এ কার্যক্রম পরিচালনা করে আসছি। সমাজের বিত্তবান ব্যক্তিরা শরিক হতে চাইলে যোগাযোগ করতে পারে।’’
তিনি আরো জানান, আজ সুতোপট্টি সংলগ্ন এলাকায় ইফতার দেওয়া হয়েছে। আগামীকালও ২০০ প্যাকেট ইফতার সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হবে। তবে সেটি অন্য কোনো এলাকায়।