কুড়িগ্রামের রাজারহাটে ট্রেনের ধাক্কায় একটি মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে কয়েক টুকরা হয়ে গেছে। এ ঘটনায় ট্রেনের ইঞ্জিনও ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ওই রুটের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে। তবে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে কুড়িগ্রাম থেকে রংপুরগামী রমনা কমিউটার লোকাল ট্রেন (ডাউন-১৩৩) রাজারহাট কারিগরি ও বাণিজ্যিক কলেজ সংলগ্ন রেললাইনের পাশে রাখা একটি মোটরসাইকেলে ধাক্কা দেয়।
ট্রেন পরিচালক মো. কিবরিয়া বলেন, “প্রাথমিকভাবে ইঞ্জিনের মেইন রিজার্ভার পাইপ খুলে গেছে। এছাড়া, বেশ কয়েকটি পা-দানি ক্ষতিগ্রস্ত হয়েছে। আরো কিছু ক্ষতি হয়ে থাকতে পারে। এ অবস্থায় এই ইঞ্জিন দিয়ে ট্রেন চালানো সম্ভব নয়। বিকল্প রেক ব্যবহার করে ট্রেনটি সরিয়ে নেওয়া হবে।”
রাজারহাট স্টেশন মাস্টার সুমন মিয়া বলেন, “দুর্ঘটনার কারণে সাময়িকভাবে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। বিকল্প রেক এনে দ্রুত লাইন ক্লিয়ার করার চেষ্টা চলছে।”