বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো দুই দিনের সফরে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সিলেটে আসছেন সিলেট-১ (মহানগর ও সদর উপজেলা) আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির। সফরকালে তিনি বিভিন্ন সরকারি ও দলীয় কর্মসূচিতে অংশ নেবেন।
দলীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৮টায় তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে তিনি সার্কিট হাউসে যাবেন। জুমার নামাজ আদায় করবেন হজরত শাহজালাল (রহ.) মসজিদে। নামাজ শেষে দোয়া মাহফিলে অংশ নেবেন এবং মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করবেন।
এর পর তিনি হজরত শাহজালালের (রহ.) দরগাহ থেকে হজরত শাহপরান (রহ.) মাজারের উদ্দেশে রওনা দেবেন। সেখানে জিয়ারত শেষে গাজী বুরহান উদ্দিনের মাজারে যাবেন এবং জিয়ারত করবেন। বিকেলে দক্ষিণ সুরমার তেতলিতে ইফতার মাহফিলে যোগ দেবেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সিলেট মহানগর এলাকায় টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক সেল কার্যক্রম পরিদর্শন করবেন বাণিজ্যমন্ত্রী। দুপুর ১২টায় সার্কিট হাউজের সম্মেলন কক্ষে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের নেতার সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন বাণিজ্যমন্ত্রী।
এছাড়া, সিলেট নগরীর বারুতখানায় ফুড প্যারাডাইস হোটেলে সিলেটের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে ইফতার মাহফিলে যোগ দেবেন খন্দকার আব্দুল মুক্তাদির। কর্মসূচি শেষে শনিবার রাতেই তার ঢাকায় ফেরার কথা রয়েছে।