কক্সবাজার জেলা আইনজীবী সমিতি ভবনের তিন আইনজীবীর ব্যক্তিগত চেম্বারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানো হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ছবিটি টাঙানো হয়। যে চেম্বারে এ ছবি লাগানো হয়েছে সেখানে একসঙ্গে বসেন অ্যাডভোকেট রিদুয়ান আলী, নুরুল ইসলাম নাহিদ ও মো. ফয়সাল।
ছবি টাঙানোর সময় উপস্থিতি ছিলেন- আইনজীবী মোহাম্মদ জুলকারনাইন জিল্লু, মোহাম্মদ ফয়সাল, হুমায়ুন কবির, নূরুল ইসলাম নাহিদ, অ্যাডভোকেট মানিক, অ্যাডভোকেট আবু, অ্যাডভোকেট জসিম উদ্দিন। এ সময় তাদের আওয়ামী লীগের পক্ষে স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে আলোচনার সৃষ্টি হয়।
আইনজীবী মোহাম্মদ জুলকারনাইন জিল্লু জানান, কয়েক বছর আগে সহপাঠী হিসেবে একসঙ্গে চেম্বার শুরু করার সময়ই তারা বঙ্গবন্ধুর ছবি টাঙিয়েছিলেন। এমনকি সে সময় ছবির জন্য আলাদা ফ্রেমও তৈরি করা ছিল। তিনি দাবি করেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে ‘জুলাইযোদ্ধা সমন্বয়ক’ পরিচয়ে কিছু ব্যক্তি জেলা জজ আদালত এলাকায় হামলা ও ভাঙচুর চালায়। সে পরিস্থিতিতে নিরাপত্তাজনিত কারণে তারা ছবিটি সরিয়ে রাখেন।
অ্যাডভোকেট জিল্লুর ভাষ্য, সমন্বয়কদের পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত অন্তর্বর্তী সরকার বিদায় নেওয়ার পর তারা আবারো যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ছবি চেম্বারে স্থাপন করেছেন। ছবি টাঙানোর পর থেকে তারা কোনো ধরনের হুমকি বা চাপের মুখে পড়েননি বলেও জানান।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পাঠাগার সম্পাদক ও যুবলীগ নেতা অ্যাডভোকেট সাকু আলম বলেন, “আইনজীবী সমিতির কার্যালয়ে কোনো ছবি টাঙানো হয়নি। কয়েকজন আইনজীবী তাদের নিজ চেম্বারে ছবিটি টাঙিয়েছেন। এটি সম্পূর্ণ তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত।”