সারা বাংলা

হজের সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করছে: ধর্মমন্ত্রী

বিগত সময়ে হজের ব্যয় বৃদ্ধি প্রসঙ্গে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, “আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে সব কাজ করে যাব, যেন মানুষ হজের সব সুবিধা ভোগ করতে পারেন। তারা যেন এটা বলে,  আল্লাহর রহমতে আমরা অতীতের চেয়ে ভালো সুযোগ–সুবিধা পাচ্ছি। অবশ্যই অবশ্যই করব।”

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লার মুরাদনগরে নিজ বাড়িতে সাংবাদিকদের কাছ এসব কথা বলেন তিনি। মন্ত্রী হিসেবে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর এই প্রথম কুমিল্লায় এসেছেন কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

রমজানে নিত্য পণ্যের দাম বাড়বে না- এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে ধর্মমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী ইতোমধ্যে বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের রাখার জন্য। আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বদ্ধপরিকর। সাধারণ মানুষ যেন কোনো কষ্টে না পড়েন, সেজন্য প্রধানমন্ত্রী খুবই সচেতন। আমার বিশ্বাস, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে না।’

সব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা বিধান করা আমাদের দায়িত্ব বলে মন্তব্য করেন কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, “আমরা দায়িত্ব পালন করার জন্য একশতভাগ চেষ্টা করব। যারা উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করার চেষ্টা করবে, তাদের সঙ্গে সঙ্গে আইনের আওতায় নেওয়ার চেষ্টা হবে। তাদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”