গাছ লাগানো শুধু একটি কর্মসূচি নয়; এটি ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়বদ্ধতা, এমন বার্তাই দিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনিযুক্ত ভূমি প্রতিমন্ত্রী ও নেত্রকোণা-১ (কলমাকান্দা-দূর্গাপুর) আসনের সংসদ সদস্য কায়সার কামাল।
দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নিজ নির্বাচনি এলাকা কলমাকান্দায় এসে তিনি পরিবেশ সুরক্ষায় সবার অংশগ্রহণের আহ্বান জানান।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে কলমাকান্দা উপজেলা পরিষদ প্রাঙ্গণে পৌঁছালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে বনজ ও ফলদ গাছের চারা রোপণের মাধ্যমে তিনি জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
বৃক্ষরোপণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, “আমরা যদি আজ একটি গাছ লাগাই, আগামী প্রজন্ম তার ছায়া পাবে। পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং একটি বাসযোগ্য বাংলাদেশ গড়তে গাছের বিকল্প নেই।” তিনি প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানো ও তার সঠিক পরিচর্যার আহ্বান জানান। পাশাপাশি বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে প্রতিমন্ত্রী উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন।