সারা বাংলা

পাঁচ মাস ঋণাত্মক রপ্তানি প্রবৃদ্ধি, উত্তরণই বড় চ্যালেঞ্জ: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, টানা পাঁচ মাস দেশের রপ্তানি প্রবৃদ্ধি ঋণাত্মক ছিল। সেই অবস্থার উত্তরণই এখন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথমবার নিজ এলাকা সিলেটে পৌঁছালে দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করেন।

রপ্তানি খাত নিয়ে এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘‘দেশের রপ্তানি বাণিজ্য এখনো মূলত একটি পণ্যের ওপর নির্ভরশীল। দীর্ঘমেয়াদি অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে হলে রপ্তানি খাতে বহুমুখীকরণের বিকল্প নেই।’’

নতুন পণ্য সংযোজনের মাধ্যমে রপ্তানি বাজার সম্প্রসারণে সরকার কাজ করছে বলে জানান তিনি।

রমজানে বাজার পরিস্থিতি নিয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা বাণিজ্য মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব। বর্তমানে সরকারের হাতে যে পরিমাণ পণ্যের সরবরাহ রয়েছে, তাতে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত ব্যবস্থা আছে। এ নিয়ে শঙ্কার কোনো কারণ নেই বলেও তিনি আশ্বস্ত করেন।