বর্ডার গার্ড বাংলাদেশের হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে, যার আনুমানিক দাম ২ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
বিজিবি জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে যে, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারত থেকে মাদক আনা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বিজিবির তেলিয়াপাড়া বিওপির একটি দল সীমান্ত থেকে আনুমানিক ৪০০ গজ ভিতরে বান্ডারুয়া এলাকায় টহল দেওয়ার সময় মাদক পাচারকারীদের কয়েকটি বস্তায় করে মালামাল নিয়ে আসতে দেখে। বিজিবি সদস্যরা ধাওয়া করলে মাদক পাচারকারীরা বস্তাগুলো ফেলে দ্রুত পালিয়ে যায়। সেগুলো তল্লাশি করে ৭৩ কেজি গাঁজা পাওয়া যায়। জব্দ করা মাদকগুলো আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।