ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য তমিজ উদ্দিন বলেছেন, ধামরাইয়ের বিভিন্ন স্থানে অবহেলিত শহীদ মিনার সংস্কার ও পরিচর্যায় দ্রুত উদ্যোগ নেওয়া হবে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঢাকার ধামরাই উপজেলা পরিষদ চত্বরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তমিজ উদ্দিন বলেন, একসময় বাংলাদেশ পাকিস্তান রাষ্ট্রের একটি প্রদেশ ছিল। সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও বাঙালির মাতৃভাষা বাংলা কেড়ে নিয়ে উর্দুকে রাষ্ট্রভাষা করার চেষ্টা চালানো হয়েছিল। সেই অন্যায়ের বিরুদ্ধে ছাত্র, শ্রমিক, কৃষকসহ সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ আন্দোলনে অংশ নেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল বের করে ছাত্ররা মাতৃভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান। তখনকার পাকিস্তান সরকার দমন-পীড়ন চালায় এবং গুলিতে শহীদ হন সালাম, বরকত, জব্বারসহ আরো অনেকে। তাদের আত্মত্যাগের বিনিময়েই বাংলা রাষ্ট্রভাষার স্বীকৃতি পায়।
তিনি বলেন, ২১শে ফেব্রুয়ারি এখন সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। তাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো আমাদের নৈতিক দায়িত্ব।
ধামরাই উপজেলার বিভিন্ন হাটবাজার ও শিক্ষাপ্রতিষ্ঠানে থাকা কিছু শহীদ মিনার অবহেলিত অবস্থায় রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “শহীদ তো শহীদ-সকল শহীদকেই আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব। যেসব স্থানে শহীদ মিনার অবহেলিত রয়েছে, সেগুলো সংস্কার ও যথাযথ পরিচর্যায় আমরা উদ্যোগ নেব।”
এ সময় তিনি আরো বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন এবং শহীদদের স্মৃতি রক্ষায় তিনি প্রতিশ্রুতিবদ্ধ।
তার সঙ্গে আরো উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান মোহাম্মদ সালমান হাবিব, ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান, বিএনপির স্থানীয় নেতাকর্মীসহ অন্যান্যরা।