সারা বাংলা

চট্টগ্রামে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে চট্টগ্রাম শহীদ মিনার পরিণত হয় গভীর শ্রদ্ধা আর আবেগের মিলনস্থলে। ভাষা শহীদদের স্মরণে শুক্রবার রাত ১১টার পর থেকেই নানা বয়স ও শ্রেণিপেশার মানুষের ঢল নামে শহীদ মিনার প্রাঙ্গণে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে শ্রদ্ধা নিবেদনকারীদের উপস্থিতিতে পুরো এলাকা হয়ে ওঠে মুখর ও গম্ভীর এক আবহে।

শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শুরু হয় পুলিশের একটি সুসজ্জিত দলের সশস্ত্র সালাম প্রদর্শনের মাধ্যমে। রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারের বেদিতে প্রথমে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন। তার সঙ্গে ছিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান ও মো. এরশাদ উল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন এবং জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

শ্রদ্ধা নিবেদন শেষে মেয়র শাহাদাত হোসেন বলেন, ভাষা আন্দোলনের শহীদরা জীবন উৎসর্গ করে আমাদের ভাষার অধিকার প্রতিষ্ঠা করেছেন। তাদের আত্মত্যাগের চেতনা ধারণ করে গণতন্ত্র, ন্যায় ও সমতার বাংলাদেশ গড়ে তোলাই আজকের দিনের অঙ্গীকার হওয়া উচিত।

এরপর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ এবং পুলিশ সুপার নাজির আহমেদ খান শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক সংগঠন ও সামাজিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন অব্যাহত থাকে। চট্টগ্রাম সিটি করপোরেশন, মহানগর বিএনপি, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ট্যুরিস্ট পুলিশ, বন বিভাগ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, সমাজ সেবা অধিদপ্তরসহ নানা সংগঠনের নেতাকর্মীরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, নৌ পুলিশ ও পিবিআইয়ের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়।

শহীদ দিবসের প্রথম প্রহরে চট্টগ্রাম শহীদ মিনারে এই শ্রদ্ধা নিবেদন নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস স্মরণ করিয়ে দেয় এবং ভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকারকে আরো দৃঢ় করে তোলে।