চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার নলবিলা এলাকায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও তার ছেলে নিহত হয়েছেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চকরিয়া উপজেলার বরইতলী এলাকার বাসিন্দা নুরুল হোসেন (৪৫) ও তার ছেলে শামীম হোসেন (১২)।
চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন জানান, নুরুল হোসেন তার ছেলে শামীমকে নিয়ে মোটরসাইকেলে করে বরইতলী থেকে চিরিংগা বাজারের উদ্দেশে রওনা দেন। পথে নলবিলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
তিনি আরো জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসাধীন অবস্থায় বাবা ও ছেলেকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।