গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় অজ্ঞাতনামা এক বৃদ্ধা (৬৫) নিহত হয়েছেন। এ ঘটনায় প্রায় এক ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে উত্তেজিত জনতা।
শনিবার (২১ ফেব্রয়ারি) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়ায় এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) নৃপেন বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়ায় এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন ওই বৃদ্ধা। এসময় টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস ওই বৃদ্ধাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
এসময় উত্তেজিত এলাকাবাসী ওই স্থানে ব্যারিকেড দিয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেলে দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে অবরোধ তুলে দিলে মহাসড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়।