সারা বাংলা

গণপিটুনিতে দুই ছিনতাইকারী নিহতের ঘটনায় গ্রামবাসীর বিরুদ্ধে মামলা 

গাইবান্ধার সাদুল্লাহপুরে গণপিটুনিতে দুই ছিনতাইকারী নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। নিহত পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডলের মা ফুলমতি বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় সাদুল্লাপুর উপজেলার খোর্দকোমরপুর ইউনিয়নের খোর্দ মোজাহিদপুর গ্রামের অনির্দিষ্ট সংখ্যক গ্রামবাসীকে অজ্ঞাত আসামি করা হয়েছে। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম। 

ওসি বলেন, “নিহত ভন্ডুলের মা বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। মামলায় হত্যার সঙ্গে সংশ্লিষ্ট গ্রামবাসীর বিরুদ্ধে অনির্দিষ্ট সংখ্যক ব্যক্তিকে অজ্ঞাত আসামি করা হয়েছে। তদন্ত করে হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।” 

উল্লেখ্য, গত শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা থেকে গাইবান্ধার বাসে করে একজন পুরুষ ও একজন নারী পলাশবাড়ী উপজেলার গাইবান্ধা-পলাশবাড়ি আঞ্চলিক সড়কের ঠুঠিয়াপুকুর বাজারে নামেন। তারা ঠুঠিয়াপুকুর থেকে সাদুল্লাপুর সড়ক ধরে ইদিলপুর ইউনিয়নের মাদারহাট খেয়াঘাট (ভাঙা সেতু) এলাকায় পৌঁছালে দুই মোটরসাইকেলে ছয়জন ছিনতাইকারী তাদের পথরোধ করে এবং অস্ত্রের মুখে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেয়। 

পথে খোর্দকোমরপুর ইউনিয়নের মোজাহিদপুর গ্রামের দারোগার বাজারে মোটরসাইকেলসহ তিন ছিনতাইকারী গ্রামবাসীর হাতে আটক হয়। অন্য চারজন পালিয়ে যায়। এসময় গ্রামবাসীর পিটুনিতে মারা যান পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) ও মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।