শরীয়তপুরে কোনো মাদক ব্যবসায়ীকে তথ্য-প্রমাণসহ ধরিয়ে দিলে ১ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন শরীয়তপুর-২ (নড়িয়া ও সখিপুর) আসনের সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে ভেদরগঞ্জ উপজেলার সখিপুর বাজারে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন তিনি।
শফিকুর রহমান কিরণ এমপি বলেছেন, “চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে আমি সর্বদা প্রস্তুত। কেউ দলের পরিচয় ব্যবহার করে চাঁদাবাজিতে জড়িত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দায়িত্ব নেওয়ার পর থেকেই সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।”
মাদকবিরোধী অবস্থান তুলে ধরে তিনি বলেছেন, “কোনো মাদক ব্যবসায়ীকে তথ্য-প্রমাণসহ ধরিয়ে দিতে পারলে ১ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। যদি কোনো মাদকসেবীকে ধরিয়ে দিতে পারেন, তাহলে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।”
সংসদ সদস্যের এ ঘোষণার পর ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয়রা। তারা এ উদ্যোগকে সময়োপযোগী ও জনকল্যাণমূলক হিসেবে উল্লেখ করে সাধুবাদ জানিয়েছেন।
স্থানীয়রা বলছেন, ঘোষণাটি যথাযথভাবে বাস্তবায়ন করা হলে সমাজ থেকে মাদকাসক্তি, ঘুষ ও দুর্নীতির মতো অনৈতিক কার্যক্রম উল্লেখযোগ্য হারে কমবে।
তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও নৈতিক মূল্যবোধের উন্নয়ন ঘটবে এবং সুস্থ ও সুন্দর পরিবেশ গড়ে উঠবে।