সারা বাংলা

ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা অভিযানে এমপি রাহাদ

বাগেরহাট-২ (সদর–কচুয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদের উদ্যোগে বাগেরহাট কোর্ট চত্বর ও জেলা ২৫০ শয্যা হাসপাতালে মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় কোর্ট চত্বর থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য রাহাদ। পরে একই কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাট জেলা ২৫০ শয্যা হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়। উদ্বোধনী দিনে এমপি নিজেও ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।

আয়োজকরা জানান, মাসব্যাপী এই কর্মসূচির আওতায় হাসপাতাল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা আবর্জনা অপসারণ, ড্রেন পরিষ্কার এবং জনসচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম সমাদ্দার, অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় নেতাকর্মীরা।

সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ বলেন, “এই মাসব্যাপী পরিচ্ছন্ন কর্মসূচি অব্যাহত থাকবে। শুধু হাসপাতাল বা আদালত প্রাঙ্গণ নয়, ধীরে ধীরে সব জায়গায় এ কার্যক্রম বিস্তৃত করা হবে। পরিবেশ পরিচ্ছন্ন থাকলে মানুষের মনও ভালো থাকবে।”

তিনি আরও বলেন, “আমরা চাই সমাজ থেকে অস্বচ্ছতা ও বিশৃঙ্খলাও দূর হোক। পরিচ্ছন্ন পরিবেশ মানুষের মধ্যে ইতিবাচক মানসিকতা তৈরি করে। সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করলে হাসপাতালের পরিবেশ ও সেবার মান আরেো উন্নত হবে।”

তিনি সর্বস্তরের মানুষকে নিজ নিজ বাসা, প্রতিষ্ঠান ও কর্মস্থল পরিষ্কার রাখার আহ্বান জানান।

আয়োজকরা আশা প্রকাশ করেছেন, ধারাবাহিক এ উদ্যোগের মাধ্যমে হাসপাতাল ও আশপাশের পরিবেশের দৃশ্যমান পরিবর্তন আসবে এবং জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়বে।