সারা বাংলা

বাজার নিয়ন্ত্রণে গোপালগঞ্জের এমপি মাঠে, ব্যবসায়ীদের সতর্কবার্তা

রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় পণ্যের সঠিক দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করেছেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।

রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জেলা শহরের বড়বাজারের ফলপট্টি, কাঁচা বাজার, চালের আড়ত ও মাছের বাজার পরিদর্শন করেন তিনি। এসময় সিন্ডিকেট করে পণ্যের দাম বেশি নেয়া হচ্ছে কি না তা জানতে বিভিন্ন দোকান মালিক ও ক্রেতাদের সঙ্গে কথা বলেন এবং রমজানে পণ্যের দাম বেশি নিলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

বাজার মনিটরিংকালে নির্বাহী ম্যজিস্টেট মো. ইশতিয়াক, নিরাপদ খাদ্য অফিসার মুন্নী খাতুন, কৃষি বিপণন কর্মকর্তা মো. আরিফ হোসেন, ভোক্তা অধিকার অফিসার সৈয়দা তামান্না তাছলিম, সদর থানার ওসি মো. আনিচুর রহমান সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর বলেন, আমরা খুব সতর্ক। এই সরকারের আমলে গোপালগঞ্জে কোনো সিন্ডিকেটের মাধ্যমে কোনো অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা করতে পারবে না। আমাদের সরকার যথেষ্ট সচেতন।

তিনি আরো বলেন, আমরা দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে চেষ্টা করবো। সারা দেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি নির্দেশ, দ্রব্যমূল্য যেন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। অতিরিক্ত কোনো মুনাফা নেয়া যাবে না। সিন্ডিকেট করে কোনো ব্যবসা করা যাবে না। তিনি সংশ্লিষ্ট সকলকে নিয়মিত বাজার মনিটরিং করার নির্দেশনা প্রদান করেন।