সারা বাংলা

ওসিকে গালাগালির কল রেকর্ড, ডিবি হেফাজতে উপজেলা বিএনপি সভাপতি

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে মোবাইল ফোনে কথোপকথনের সময় অশালীন ভাষা ব্যবহারের অভিযোগে হবিগঞ্জের বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তুষারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা সদরের শায়েস্তানগর এলাকার বাসা থেকে হবিগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাকে আটক করে। তিনি বাহুবল উপজেলার জয়পুর গ্রামের বাসিন্দা।

সম্প্রতি বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের সঙ্গে তার এবং আরো একজনের কথোপকথনের একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ওই অডিওতে তাকে অশালীন ভাষা ব্যবহার করতে শোনা যায়।

হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাখী রাণী দাশ বলেন, পুলিশের সঙ্গে অসদাচরণের অভিযোগে ফেরদৌস আহমেদ চৌধুরী তুষারকে আপাতত ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মামলার বিষয়ে বিস্তারিত জানানো হবে। এদিকে তাকে হেফাজতে নেওয়ার খবর ছড়িয়ে পড়লে বিকেলে তার কর্মী-সমর্থকেরা বাহুবলের মিরপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।