আয়তনে দেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশন গাজীপুরে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার।
রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন-১ শাখা থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে বিষয়টা জানানো হয়েছে।
শওকত হোসেন সরকার একজন রাজনীতিবিদ। তিনি ২০০৩ সাল থেকে সিটি কর্পোরেশন গঠনের আগ পর্যন্ত কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। এরপর তিনি গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক, সহ-সাংগঠনিক ও সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন ৷ বর্তমানে ৩ বছর যাবৎ তিনি গাজীপুর মহানগর বিএনপির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন।
তার দায়িত্ব পাওয়ার খবর ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ৷ অনেককেই বলতে শোনা যাচ্ছে দীর্ঘদিন পর সিটি কর্পোরেশন আমলাতন্ত্র থেকে মুক্ত হচ্ছেন। যেহেতু তিনি জন প্রতিনিধি ছিলেন, সিটি কর্পোরেশনের উন্নয়ন করতে পারবেন।
এ বিষয়ে জানতে চাইলে শওকত হোসেন বলেন, “রাষ্ট্র আমাকে যে দায়িত্ব দিয়েছেন আমি সবাইকে নিয়ে নিষ্ঠার সঙ্গে পালন করবো। গাজীপুর সিটিকে গ্রীন ও ক্লিন সিটি হিসাবে গড়ে তুলবো। এ জন্য সকলের সহযোগিতা দরকার।”
গাজীপুর সিটি করপোরেশন ২০১৩ সালের ১৬ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। ৩২৯ দশমিক ৫৩ বর্গকিলোমিটার আয়তনের এই সিটি কর্পোরেশনে রয়েছে ৫৭ টি ওয়ার্ড। গত ৫ আগস্টের পর প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।