দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, “রংপুরের আঞ্চলিক বৈষম্য দূর করতে বহুমুখী উদ্যোগ গ্রহণ করবে বিএনপি সরকার। বরাদ্দের দিক থেকে আর পিছিয়ে না রেখে অন্যান্য বিভাগের সঙ্গে সমতায় ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।”
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর বিভাগীয় সদর দপ্তরে উত্তরের আট জেলার প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “উত্তরের প্রায় ২ কোটি মানুষের জীবনরেখা তিস্তা নদী। এ নদী রক্ষায় আর কোনো বিক্ষিপ্ত উদ্যোগ নয়, সমন্বিত মহাপরিকল্পনার আওতায় নদীশাসন, খনন ও টেকসই ব্যবস্থাপনার উদ্যোগ বাস্তবায়নে সরকার কাজ করে যাবে।”
তিনি আরো বলেন, “তিস্তা ব্যবস্থাপনার পাশাপাশি কৃষি, শিল্প, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সমন্বিত উন্নয়ন পরিকল্পনা নেওয়া হচ্ছে—যাতে রংপুর অঞ্চলে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করা যায়।”