কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী বাজারে গরুর পঁচা মাংস বিক্রি করায় ব্যবসায়ী একরামুল হককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বাজারে একরামুল হক নামে এক ব্যবসায়ী গরুর পঁচা মাংস বিক্রি করছিলেন। বিষয়টি ক্রেতাদের নজরে এলে তারা তাকে হাতেনাতে আটক করে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন। এ সময় উপজেলা ভেটেরিনারি সার্জন গোলাম মওদুদ আহমেদ এবং ফুলবাড়ী থানা পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একরামুল হককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হলেও তিনি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন। অভিযানে জব্দ করা পঁচা মাংস মাটিতে পুঁতে ফেলা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন জানান, পঁচা মাংস বিক্রি করায় ব্যবসায়ীর জরিমানা করে সাবধান করা হয়েছে।