সারা বাংলা

টঙ্গীতে ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ১০ লাখ টাকা লুট

গাজীপুর মহানগরীর টঙ্গীর পাগাড় এলাকায় ফাঁকা গুলি ছুড়ে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা দুইটি দোকান থেকে ১০ লাখ টাকা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছেন।

রবিবার রাতের এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী লিটন মিয়া বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় আট জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করে মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- রবিউল ইসলাম, শাফি মিয়া ও নয়ন ইসলাম রাজ।

টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান বলেন, “মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আহতদের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের ঢাকায় উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে।”